জঙ্গি দমনে সাহসী ভূমিকা রাখা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধন চলাকালে জঙ্গি সন্দেহ এক যুবককে আটক করেছে জনতা।
রিকশা চালিয়ে বেশ কয়েকবার মানববন্ধনের সামনে দিয়ে ঘোরাফরার সময় তাকে আটক করে টহল পুলিশে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে শুক্রবার বিকেল তিনটার দিকে জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
কোতোয়ালি থানার এএসআই তোজাম্মেল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল প্যান্ট ও গেঞ্জি পরা ওই যুবকের পিঠে ব্যাগ ছিল। রহস্যজনক আচরণ করছিলেন ওই রিকশাচালক। এরপর স্থানীয় কয়েকজন তরুণ ওই রিকশাচালককে আটক করে টহল পুলিশের সোপর্দ করে।
এসময় ব্যাগ তল্লাশি করে পুলিশ কিছু না পেলেও রিকশার যাত্রী বসার গদির নিচে দুটি ছোরা, একটি পেনড্রাইভ ও একটি দামি মোবাইল পাওয়া যায়। ওই রিকশাচালক নিজের বাড়ি টাঙ্গাইল বলে জানালেও অন্যান্য প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথাবার্তা বলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর আহমদ জানান, প্রেসক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে এক রিকশাচালককে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমআর





