নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় জিসান, রাহিম, হৃদয়সহ আরও ৬ জনকে আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
জাহিদ হাসান বাবু (৩২) ছাড়া অপর নিহতরা হলেন- মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো: মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩) ও বাবুর ড্রাইভার জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল (৪০)।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জাহিদ হাসানের ব্যক্তিগত কার্যালয় আছে। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে সেই কার্যালয়ে জাহিদ হাসান, তাঁর গাড়িচালক তোফাজ্জল হোসেন, সহযোগী মোহসীন মিয়া, জিসান মিয়া, মো: রিফাত, রাহিম হোসেন, মো: সুমন ও সারোয়ার মিয়া একসঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার (০৯ জানুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসান, তোফাজ্জল হোসেন ও মোহসীন মিয়া মারা যান। সেখানে এখনো চিকিৎসাধীন জিসান মিয়া ও মো: প্রদীপ। জিসানের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন।
এমবি





