করোনাভাইরাসের টিকার ‘মহড়া’ শুরু হচ্ছে এ মাসেই। এছাড়া রাজধানীর ৪টি হাসপাতালে এই টিকা দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে।
এ মাসের কোনো একদিন রাজধানীর একটি করোনা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনার টিকার ‘ড্রাই রান’ বা পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়ালি যোগ দেওয়ার সম্ভাবনা আছে। প্রথম দিন প্রথম সারির স্বাস্থ্যকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়া হবে।
বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, ব্যাপকভাবে টিকাদান শুরুর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দিয়ে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কারী জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
সংবাদ ব্রিফিংয়ে করোনার টিকা বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও আইসিটি বিভাগের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের জানানো। বলা হয়, কাল বৃহস্পতিবার বেলা দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার এ টিকা ভারতে উৎপাদন করেছে সেরাম ইনস্টিটিউট।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, বিমানবন্দর থেকে শুরু করে টিকাদান কেন্দ্র পর্যন্ত সব স্তরে টিকার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এমবি





