আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্গণ করলে সহ্য করা হবে না। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মঙ্গলবার থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। আর দু-তিন দিন পর থেকে প্রতীকসহ প্রচারণা করতে পারবেন।

‘প্রচারণা চালানোর বিষয়ে কোনো আপত্তি নেই। তবে তা অবশ্যই আইনসঙ্গত হতে হবে। নির্বাচনী আচরণ বিধি সঠিকভাবে মানতে হবে। কেউ বিধি ভঙ্গ করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আইনে বলা হয়েছে। আমরাও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি,’ বলেন শাহ নেওয়াজ।

তিনি আরো বলেন, এরইমধ্যে কিছু প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা চলমান থাকবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, সব প্রার্থী ও তার সমর্থকরা আচরণ বিধি মেনে চলবে এটাই ধরে নেওয়া হয়েছে। কেউ না মানলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সুন্দরভাবে কাজ করছেন।

এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে আইন অনুযায়ী সব ক্ষমতা দেওয়া আছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, তিনিই (রির্টানিং কর্মকর্তা) সব সিদ্ধান্ত নেবেন। তবে আইনি সহায়তাসহ অন্য কোনো সহয়তার দরকার হলে আমরা কেবল সেসব সরবরাহ করবো।

আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেবে ইসি।

এসএইচ