বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের সঙ্গে অবরোধ সমর্থনকারীদের সংঘর্ষে দু'জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, অবরোধ সমর্থনে দুপুর ১২টার দিকে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল বের করে।
নাশকতার আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় স্থানীয় যুবদল নেতা আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রদল নেতা রাজু (২৮) আহত হন।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনী আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফেরদৌস, বিএনপি কর্মী আলম মিয়া ও অজ্ঞাত পরিচয় এক পথচারী।
ইআর





