ঈদ করা হলো না তাদের। দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ঈদে ঘরমুখী ১৩ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া দুর্ঘটনায় প্রায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার নাখাল এলাকায় যাত্রীবাহী বিলাসী পরিবহনের একটি বাস উল্টে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় ১৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সাতকানিয়া পৌরসভার মোমিন চৌধুরীর ছেলে গিয়াস উদ্দিন চৌধুরী (৩২), গিয়াসের স্ত্রী সৈয়দা নুরুন্নাহার (২৩) ও সাতকানিয়া উপজেলার আজিজুল ইসলাম (৬০)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের হামজারবাগ ও আতুরার ডিপো এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- বশির আহমেদ (৩৫) ও মোহাম্মদ সোহেল (৩২)। বশিরের বাড়ি ভোলা সদরে। আর সোহেলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, নগরের হামজারবাগ এলাকায় একটি ট্রাক রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক বশির নিহত হন। আর আতুরার ডিপো এলাকায় ট্রাকচাপায় মৃত্যু হয় সোহেলের।
মাদারীপুরে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গাব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে আবুল হোসেন (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ভাঙ্গাব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয়। তিনি খুলনার ফুলতলার ক্রিসেন্ট জুট মিলসের শ্রমিক।দুর্ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের এমসি বাজারের কাছে শুক্রবার ভোর ৫টার দিকে দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুষার (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। একটি পিকআপ ভ্যানের চালকের সহকারী হিসেবে কাজ করতেন তুষার। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকার রিপন মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল কলাবাগান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকাল ১০টায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০)। দুজনেরই বাড়ি নীলফামারী শহরে।এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ যাত্রী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোস্টকামুরি চড়পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও হিউম্যান হলার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হিউম্যান হলারের চালক নিহত হয়েছেন। এ ছাড়া চালকের সহকারীসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নড়াইলের কালিয়া-খুলনা সড়কের বেন্দা কাজী ভিলার সামনে সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সুজন শেখ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত সুজন খুলনার দীঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের ইমরান শেখের ছেলে। তিনি ট্রলির চালকের সহকারী হিসেবে কাজ করতেন। এছাড়া ট্রলিচালক আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে চলন্ত ভটভটি থেকে পড়ে রিফাত নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিফাত আমিড়া স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভটভটিতে করে বাড়িতে আসার সময় অসাবধানবশত পড়ে যায় রিফাত। ভটভটির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় সে।
ময়মনসিংহের বালুকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে শুক্রবার বিকালে বাসচাপায় আনুমানিক ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে দ্রুতগামীর বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এমবি





