প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে একটি অভ্যুত্থান করার পরিকল্পনাকারী সন্দেহভাজন এক নারীকে আটক করেছে ভারতীয় পুলিশ। শনিবার ভারতের আসাম থেকে সন্দেহভাজন ৩৬ বছর বয়সী ওই নারীকে আটক করা হয় বলে জানিয়েছে সেদেশের পুলিশ।
বাংলাদেশের জামায়াত-উল-মুজাহিদিন (জেএমবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে একটি অভ্যুত্থান করার পরিকল্পনা করছে, ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ কথা জানানোর কয়েকদিন পরই এই নারীকে আটক করা হলো। আটককৃত ওই নারী জেএমবির সদস্য বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।
ভারতের গোয়েন্দা বাহিনী দিন কয়েক আগের প্রতিবেদনে জানিয়েছিল, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও হত্যার পরিকল্পনা রয়েছে জেএমবি'র।
শনিবার আসাম পুলিশের অ্যাডিশনাল ডিজি পল্লভ ভট্টাচার্য জানান, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্রেরও অভিযোগ পাওয়া গেছে গোয়েন্দা প্রতিবেদনে। শনিবার তাকে এক বিশেষ অপারেশন চালিয়ে আটক করা হয় বলে জানান তিনি। তাকে আজকেই আদালতে তোলা হবেও জানিয়েছেন আসামের এই পুলিশ কর্মকর্তা।
গত মাসে ভারতের পশ্চিমবঙ্গের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পরই এসব ষড়যন্ত্রের কথা বেরিয়ে আসতে থাকে। বিস্ফোরণে নিহত দুই ব্যক্তি বাংলাদেশের জেএমবির সদস্য বলে জানিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। হামলার পরিকল্পনার জন্য তারা ভারতের মাটিকে নিরাপদে ব্যবহার করছে বলেও জানিয়েছে ভারতীয় পুলিশ। সূত্র: রয়টার্স
এমএ





