চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে আব্দুল মাবুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের বড় ভাই বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলেও দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই নিহত হন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রের বাইরে গুলিতে একজন আহত হয়। তাকে আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।”
এদিকে, পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আব্দুল খালেক নামে এক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। আব্দুল খালেকের চাচাতো ভাই শামসুল আলম অভিযোগ করেন, আজ ভোরে মাজার জিয়ারতের পরপরই ১০ থেকে ২০ জন যুবক এসে তাঁদের মোবাইল কেড়ে নেয়। কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেককে সাদা একটি গাড়িতে করে কক্সবাজারমুখী সড়কে চলে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, তিনি আব্দুল খালেককে তুলে নেওয়ার অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে খোঁজ শুরু করছেন।
এমবি





