পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ২টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।

আগামী ৩ জুলাই থেকে চাঁদপুর থেকে চট্টগ্রামে এ দুই ট্রেন চলাচল শুরু করবে বলে চট্টগ্রাম রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের কার্যালয় থেকে চাঁদপুর স্টেশনকে লিখিতভাবে জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৩ জুলাই ঈদ স্পেশাল-১-চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। এছাড়া চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রাত ভোর ৩টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ১৫ মিনিটে।

একই দিনে ঈদ স্পেশাল-২ ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে। পুনরায় এ ট্রেনটি চাঁদপুর থেকে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে দুপুর ১২টায়।

৩ জুলাই থেকে ঈদের ৭ দিন পর পর্যন্ত স্পেশাল ১ ও ২ ট্রেন এ রুটে চলাচল করবে।

স্পেশাল-১ ট্রেনটি পথে ফেনী, লাঙ্গলকোট, লাকসাম, চিতোশী, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রী ওঠানামা করবে এবং স্পেশাল-২ট্রেনটি ফেনী হাসানপুর, লাঙ্গলকোট, লাকসাম, চিতোশী, শাহরাস্তি মেহের, হাজিগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহাতলী ও চাঁদপুর কোর্ট স্টেশনে থামবে।

এমআইএস