ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি খাইয়ে ও মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।

শুক্রবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইমামুল হকের হাতে এসব মিষ্টি উপহার দেন। এর আগে দু'দেশের সীমান্ত রক্ষীবাহিনী একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সহকারী কমান্ডার সুলতান খান এবং বিজিবি হিলি চেকপোস্ট গেটের কমান্ডার হাবিলদার আলমগীর হোসেনসহ দুবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, স্টাফ অফিসারকে এবং জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরামের ৭৫ ও ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ককে ও বিজিবি হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর সাত প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ও বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজির পক্ষ থেকে বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দু'প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

পরে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ও বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ দু'দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় কুশল বিনিময় এবং একে অপরকে মিষ্টি খাইয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সাত প্যাকেট মিষ্টি উপহার এবং শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় তারাও আমাদের দু'প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এতে করে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মাঝে সৌহার্র্দ্যপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরো বাড়বে বলে তিনি জানান।

কেএইচ