৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৮৯ জন নতুন চিকিৎসকের পদায়ন আদেশ জারি করা হবে।

বুধবার এ আদেশ জারি করা হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিন বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এই আদেশ দেখা যাবে। পদায়নকৃত এসব ডাক্তারকে আগামী ৭ দিনের মধ্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৮৯ জন ডাক্তার গত ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ৬ হাজার ১৫১ জন ডাক্তার যোগদানের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও ৬২ জন ডাক্তার যোগদান করেননি।

এদিকে নবনিযুক্ত চিকিৎসকসহ সকল চিকিৎসক কর্মস্থলে থেকে নিয়মিত রোগীদের সেবা দিচ্ছেন কিনা তা মনিটরিং করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ৬ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ প্রসঙ্গে বলেন, সুষ্পষ্ট কয়েকটি নীতিমালার ভিত্তিতে, স্বচ্ছতার সঙ্গে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে। কোনো ধরনের তদবির শোনা হয়নি। গ্রামের দরিদ্র মানুষ যাতে সেবা পায় সেই দিকে লক্ষ্য রেখেই নতুন চিকিৎসকদের পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, ‘মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষ্যেই  এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ সম্পন্ন হলে দেশের হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আর কোনো চিকিৎসকের অভাব থাকবে না। স্বাস্থ্যসেবা পেতে আর গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে ছুটতে হবে না শহর অভিমুখে। 

জানা গেছে, নীতিমালার মধ্য রয়েছে- নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যে স্থানে যোগদান করতে বলা হবে আগামী দু’বছর বাধ্যতামূলক তাদের সেইস্থানে থেকেই সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু’বছরের আগে নতুন নিয়োগ পাওয়া এসব চিকিৎসক নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। এক্ষেত্রে কোনো সুপারিশও গ্রহণযোগ্য হবে না।

চিকিৎসকদের তাদের ইচ্ছানুযায়ী নিজ জেলা-উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে এবং স্বামী বা স্ত্রী যদি চাকরি করেন তাহলে তার কর্মস্থলে নতুন চিকিৎসকের অভিপ্রায় অনুযায়ী পদায়ন করা হয়েছে।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ