খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলা নববর্ষের দিন টিএসসি সংলগ্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা অসংখ্য নারীর সম্ভ্রমহানির ঘটনা ঘটালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ন্যক্কারজনক ঘটনায় দেশের মানুষ যখন স্তম্বিত তখন সরকার নীরব ভূমিকা পালন করছে।

ছাত্রলীগকে ‘ধর্ষকদের সংগঠন’ আখ্যা দিয়ে তিনি বলেন, নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে বাঁধন নামের এক ছাত্রীকে সম্ভ্রমহানি করেছিল।

দুপুর ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কথিত নিরাপত্তার চাঁদরে ঘেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সামনেই এ ধরনের ঘটনা এদেশের নারী সমাজের ওপর বড় আঘাত। দুই নীপিড়নকারীকে ধরে পুলিশে দিলেও ছাত্রলীগ পরিচয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়।

জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা এসএম কামালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি মঞ্জু অবিলম্বে এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানান এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এমকে