দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন শেষে নেপাল থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ১২টা ১০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী প্লেনটি অবতরণ করে।

এর আগে প্লেনটি নেপাল স্থানীয় সময় ১০টা ৫০মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

গত ২৬ নভেম্বর কাঠমান্ডুর ‘রাষ্ট্রীয় সভা গৃহে’দুই দিনব্যাপী সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকেন এবং ভাষণ দেন।

গত মঙ্গলবার বিকেলে সার্ক সম্মেলনে যোগ দিতে নেপাল যান প্রধানমন্ত্রী।

বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এছাড়া নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ ও  সার্ক নেতাদের সম্মানে নেপালের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সার্ক নেতারা।

১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় সার্ক।

পরে নতুন করে আফগানিস্তান সার্কের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করায় সার্কের সদস্য দেশ এখন ৮টি।

জেএ