নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের পর পুরো মসজিদের কাঁচ, দেয়াল, টাইলস, ফ্যানসহ সব ভেঙে ওলট-পালট হয়ে গেলেও মসজিদে অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র আল কোরআন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো রয়েছে অক্ষত।

স্থানীয় কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, জায়নামাজ, তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিস শরীফ। পুড়েছে জায়নামাজ, প্লাস্টিকের চেয়ার, বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।

মসজিদ কমিটির সভাপতি গফুর মেম্বারের ভাই আবুল কাশেম জানান, পুরো মসজিদ ওলট-পালট হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র আল কুরআন। হাদিস শরীফগুলোরও আছে অক্ষত।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সর্বদা খোঁজ-খবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এএস