পুলিশি হয়রানি বন্ধ, অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবিতে চট্টগ্রামের অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট দুপুর থেকে স্থগিতের ঘোষণা আসছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল।

বেলায়েত হোসেন বলেন, আমাদের ধর্মঘট চলছে। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় আমাদের আগ্রাবাদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেব।

তিনি বলেন, রোববার (৩ ডিসেম্বর) রাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি। উনি বলেছেন সমস্যা নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেবেন। এখন নগরবাসীর কষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের নানান পরীক্ষা চলছে। ধর্মঘট স্থগিত করে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট শুরু করে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ। এর ফলে নগরবাসী সীমাহীন দুর্ভোগে পড়েন।

নারী, শিশু, বৃদ্ধা, চাকরিজীবীসহ যাত্রীরা যানবাহনের অপেক্ষায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ বেশি ভাড়ায় রিকশা, সিএনজি অটোরিকশায় গন্তব্যে পৌঁছালেও বেশিরভাগ মানুষকেই হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়।

মাসুম/জেড