রাজধানীর কদমতলীতে আরিফা বেগম (৬৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বাসার বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়। ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে সকাল নয়টার দিকে দোতলা বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। মুখমণ্ডলসহ ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই নারী খুন হতে পারেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
ওসি আরো জানান, বাড়িটির মালিক ওই নারী। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তার দুই মেয়ে থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকায়।
এসএইচ





