ভারতীয় বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীসহ সারাদেশ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঞ্চালন লাইন ত্রুটির কারণে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর মীরপুর, গাবতলী, মগবাজার, ইস্কাটন, রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীনতার খবর পাওয়া গেছে। এছাড়াও ঢাকার বাইরে বগুড়া, সিরাজগঞ্জ, ফেনী, গাজীপুর, নাটোর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকেও বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী বলেন, জাতীয় গ্রিড বসে গেছে। তাই সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কখন নাগাদ ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা মুশকিল।

বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, এ নিয়ে জরুরিভাবে কাজ চলছে। ঘণ্টা খানেকের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুত কেন্দ্র স্বাভাবিক হয়েছে।

ভারত থেকে ভেড়ামারা বিদ্যুত কেন্দ্রে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুত আসে সেই লাইনটি বসে যাওয়ার প্রভাবে এ বিপর্যয় হয়েছে বলেও জানান তিনি।

এআর/ জেআই