জমি নিয়ে সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে আরশেদ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বারীনগর এলাকার আবদুল মোমিন, মিঠুন, মাইনুল ইসলাম, নুরুল আমিন, আরিফুল ইসলাম ও লিটন। এদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

নিহত কৃষক আরশেদ আলীর স্ত্রী গোলেনুর বেগম জানান, সকালে প্রতিবেশি জহির হাজীর ছেলেরা তাদের পাটের জমি দখলের জন্য চাষ শুরু করে। এসময় তার স্বামীসহ নিকটাত্মীয়রা বাধা দিলে জহির হাজির ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

এ ঘটনায় তার স্বামী আরশেদ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ছয় জন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক করা হয়েছে পাঁচ জনকে। এ ছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ