খুলনার মহানগরীর দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম রুবেল মোল্লা (২২) বলে জানা যায়।

 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রুবেল সরকারি বিএল কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার বাসিন্দা মোল্লা আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

নগরীর আড়ংঘাটা থানার ওসি আবু মুছা খন্দকার ও দৌলতপুর থানার ওসি মো. গোলাম রসুল জানান, বাড়ির সামনের রাস্তার ওপর দুর্বৃ্ত্তরা তাকে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় গুরুতর আহত রুবেল মোবাইল ফোনে খবর দিলে তার বড় ভাই এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ