মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, ওই গ্রামের বিএনপি নেতা রফিকুল ইসলাম পবন ও আওয়ামী লীগ নেতা নুরুল হোসেন মোল্লার মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে বিএনপি নেতা পবনের সমর্থকরা অতর্কিতে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা কুপিয়ে ছয় জনকে গুরুতর জখম করে।

এ ঘটনার পর আওয়ামী লীগ নেতা নুরুল মোল্লার সমর্থকরা দলবদ্ধ হয়ে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে দুপক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশ পাহারা দিচ্ছে। শ্রীপুর থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই