বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বগুড়ায় লাগাতার হরতালের হঁশিয়ারি দিয়েছে ২০ দলীয় জোট বগুড়া জেলা।

বৃহস্পতিবার খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবশে জোটের নেতারা এ হুঁশিয়ারি দেন।

জেলা বিএনপি সভাপতি ও ২০ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় শহরের ব্যস্ততম শেরপুর রোডের মফিজ পাগলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পিটিআই মোড় এবং ইয়াকুবিয়া স্কুল মোড় ঘুরে আবারও মফিজ পাগলার মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সময় রাস্তায় সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি ইঞ্জি. সামছুল হক, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, বিএনপি নেতা তাহাউদ্দিন নাইন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। যখন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে মানুষ রাজপথে নেমেছে ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পাঁয়তারা করছে সরকার। বেগম জিয়াকে গ্রেফতার করা হলে আগুন জ্বলে উঠবে। সেই আগুনে শেখ হাসিনার সরকার পুড়ে ছাই হয়ে যাবে।’

এ সময় তারা খালেদা জিয়াকে যেদিন গ্রেফতার করা হবে সেদিন থেকেই বগুড়ায় টানা হরতাল দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে, অবরোধ-হরতালে নাশকতায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের যুব-বিষয়ক সম্পাদক ডলারসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই