খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রতিবাদে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ীগেট অতিক্রমকালে রেলক্রসিং সংলগ্ন থানা বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ছিড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে চলে যায়।
এ ঘটনা আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঘটিয়েছে অভিযোগ করে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়ছেদ আলী বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকেই বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, তবে ঘটনার সময় অফিসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বলেন, ঘটনার সময় আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না। তিনি নিজেও উপস্থিত ছিলেন না। তবে মিছিল হয়েছে কিনা সে ব্যাপারে জানতে তিনি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
কেএইচ





