ফেনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেনে। এসময় আহত হয়েছেন তার স্বামী।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী-মাইজদি মহাসড়কের দাগনভূঞার আজিজ ফাজিলপুর গ্রামের চৌধুরী বাড়ির জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর আক্তার (৩৫) নোয়াখালী সদরের পশ্চিম চর কুরিয়া গ্রামের মান্নান নগরের মো: ফারুকের স্ত্রী।
মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো: আসাদুজ্জামান জানান, নোয়াখালীর মাইজদি থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে যাচ্ছিলেন ফারুক ও কোহিনুর দম্পতি। ফেনী-মাইজদি মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের চৌধুরী বাড়ির জামে মসজিদ এলাকায় পৌঁছালে ভাঙ্গা রাস্তার কারণে তাদের মোটরসাইকেলটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় কোহিনুর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা দ্রুততগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আহত হন তার স্বামী ফারুক।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এমবি





