হরতালে পিকেটারদের হামলায় নিহত বিজিবি সৈনিক রিপন হোসেনের স্ত্রীর হাতে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে স্ত্রী ও কন্যার ভবিষ্যত নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে ৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

সোমবার নিহত সিপাহী রিপনের গ্রামের বাড়ি মাগুরা জেলার হাজিরপুর গ্রামে তার স্ত্রী শিলা আক্তারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করেন বিজিবি যশোর রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম ।

চুয়াডাঙা ৬ বিজিবির সার্বিক তত্বাবধানে একতলা বাড়িটি নির্মাণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার জাবেদ সুলতান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামানসহ মাগুরা জেলা প্রশাসনের কর্মকর্তারা।

চুয়াডাঙা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন মাগুরা জেলায় বিজিবির এই উদ্যোগের কথা জানিয়েছেন চুয়াডাঙা বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান ।

তিনি আরও জানান, বিজিবি মহাপরিচালক, সিপাহী রিপন হোসেন এর অসহায় স্ত্রী ও কন্যার ভবিষ্যত নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন যা তার মেয়ের নামে এফডিআর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ নভেম্বর কুমিল্লা শহরে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তব্যরত অবস্থায় পিকেটারের হামলায় নির্মমভাবে নিহত হন বিজিবি সৈনিক রিপন হোসেন।

জেআই