রংপুর মহানগর ও জেলায় বুধবার হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর মিস্ত্রিপাড়ায় হাজীরখামার মাঠে সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন জেলা যুবদল সভাপতি রইচ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করাসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলায় বুধবার এ হরতালের ডাক দেয়া হয়েছে।

এতে লিখিত বক্তব্যে রইচ অভিযোগ করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ইচ্ছে করেই দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।

দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করছে। এভাবে সরকার ক্ষমতায় বেশি ঠিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বাকশালী আওয়ামী সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সেক্রেটারি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সেক্রেটারি সফওয়াত হোসেন সফু, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সেক্রেটারি আকরামুল হাসানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । সরকার দেশে মানুষ হত্যা থেকে শুরু করে গুম, জেল, জুলুম, নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে।’

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দেয়া সাত দফা প্রস্তাব মেনে নিয়ে দ্রুত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন এবং সকল আটক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

একই সঙ্গে এ দাবিতে বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর মহানগরসহ জেলার আট উপজেলায় হরতাল পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহফুজ-উন-নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম, শহর আহবায়ক মতিয়ার রহমান বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু প্রমুখ।

এসএইচ