সিলেটের গোয়াইনঘাটে ২ ভাইয়ের মারমারি থামাতে গিয়ে খুন হযেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। তার নাম সিকন্দর আলী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজোর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আলা উদ্দিন ও আলিম উদ্দিনের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মারামারি শুরু হয়। এই মারামারি থামাতে যান সিকন্দর আলী। এ সময় আলিম উদ্দিনের ছোঁড়া একটি ইট এসে পড়ে সিকন্দরের বুকের উপর। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। আশংকাজনক অবস্থায় সকাল ১০টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আলিম উদ্দিনকে আটক করেন।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





