ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ঢাকায়ও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করলেন না।

বঙ্গভবনে সুশীল সমাজ ও কুটনীতিক প্রতিনিধিদের সামনে দেয়া বক্তব্যে পোপ বলেন, “সাম্প্রতিক মাসগুলোকে রাখাইন রাজ্য থেকে শরণার্থীদের বিরাট ঢল সাদরে গ্রহণ করেছেন বাংলাদেশিরা। এতে বাংলাদেশি সমাজের উদারতা ফুটে উঠেছে। শরণার্থীদের আশ্রয় দিয়েছেন তারা। জীবন ধারণে প্রয়োজনীয় মৌলিক সহায়তা দিয়েছেন। আর বাংলাদেশিরা এটা করেছেন সারা বিশ্বের সামনে।”

পোপ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পাশে দাড়াতে।

এর আগে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে পৌঁছান পোপ ফ্রান্সিস। আজ (বৃহস্পতিবার) তিন দিনের সফরে বিকেল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাভারের স্মৃতিসৌধে যান তিনি। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে স্মৃতিসৌধ থেকে ফিরে ধানমন্ডির ৩২নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। 

বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন পোপ।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দেবেন পোপ ফ্রান্সিস। বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে বিকেল ৪টায় যাবেন প্রধান গির্জা পরিদর্শনে। সেখানে তিনি বিশপ ও জ্যেষ্ঠ যাজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেষে সেখানে শান্তির জন্য আন্তধর্মীয় ও সর্বজনীন ঐক্য বিষয়ে বক্তব্য দেবেন।

সফরের তৃতীয় ও শেষ দিন শনিবার সকাল ১০টায় পোপ ফ্রান্সিস রাজধানীর তেজগাঁওয়ে মাদার তেরেসার বাসভবন পরিদর্শনে যাবেন। সেখান থেকে হলি রোজারি গির্জার যাজক, ধর্মীয় নারী-পুরুষ এবং অন্যদের সামনে বক্তব্য দেবেন তিনি। এর পর সেখান থেকে প্যারিস কবরস্থান ও প্রাচীন গির্জা ঘুরে দেখবেন। বিকেল ৩টা ২০ মিনিটে নটর ডেম কলেজের তরুণদের সামনে বক্তব্য রাখবেন পোপ ফ্রান্সিস। বিকেল পৌনে ৫টায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

১৯৭০ সালে ভয়াবহ জলোচ্ছ্বাসের ১৪ দিন পর ২৬ নভেম্বর তৎকালীন পোপ ষষ্ঠ পল ফিলিপাইনে যাওয়ার পথে বাংলাদেশে এক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। আর পূণাঙ্গ রাষ্ট্রীয় এবং পালকীয় সফরে ১৯৮৬ সালের ১৯ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশ সফর করেছিলেন।

এমবি