জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি বাংলা ফন্ট উদ্বোধন করেছে।
এছাড়া বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে সংস্থাটি তাদের গত বছরের (২০১৯) মানব উন্নয়ন রিপোর্টের সার সংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই বাংলা ফন্ট উদ্বোধন করেন।
যা সবাই ইউএনডিপি’র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
সংস্থাটি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্ট তৈরি করা হয়েছে।
ইউএনডিপি’র ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সার সংক্ষেপ বাংলায় রচনা করেছেন ড. সেলিম জাহান। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিবেদন তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি অবসরে গেছেন।
ইউএনডিপির প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্যান্য অনেক দেশে জাতিসংঘের অর্থ অপচয় বা নষ্ট হয়, কিন্তু বাংলাদেশে এর পরিমাণ অত্যন্ত কম। এ কারণে ইউএনডিপি বাংলাদেশে একটি সফল উদাহরণ সৃষ্টি করেছে।”
বাংলা ভাষায় মানব উন্নয়ন রিপোর্টের লেখক সেলিম জাহানের প্রশংসা করে আব্দুল মোমেন বলেন, “সেলিম এখন অবসরে গেছেন। কিন্তু তিনি এখনও একটি সম্পদ।”
ড. সেলিম জাহান বলেন, “মানব উন্নয়ন রিপোর্ট প্রথম উদ্বোধন হয় ১৯৯০ সালে। এর পরের বছর এই রিপোর্ট বাংলায় প্রকাশিত হয়,সেটিরও রচয়িতা ছিলাম আমি।”
এমবি





