কুমিল্লার লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী হিরু মিয়ার কর্মী রবিউলকে ধরে নিয়ে লাঠিপেটা করেছে প্রতিপক্ষের কর্মীরা।
লাঠিপেটার পর তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি লাফিয়ে ডোবায় পড়ে নিজেকে রক্ষা করেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাকসামের শিউরাইন এলাকায় এ ঘটনা ঘটে। রবিউলকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হিরু মিয়ার দাবি, এর আগে তার ছেলেকে মারধর ও পোস্টার ছিড়ে ফেলেছে প্রতিপক্ষ ওমর আলীর কর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ওমর আলী ও বিদ্রোহী প্রার্থী হিরু মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে।
এর জের ধরে রবিউলকে তুলে নিয়ে লাঠিপেটা করা হয়। তবে ওমর আলী দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গুলি করার কোনো ঘটনা জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এসএইচ





