সরকার ‘ভোট’ ও ‘গনতান্ত্রিক’ সব অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধিকার ফেরত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গনসমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যায় নি। তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সরকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাই এ নির্বাচন আমরা মানি না। ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না।’
বিরোধী মতকে ধারাবাহিক গুম করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। সে অধিকার ফেরত চাই। এজন্য সংগ্রাম চলছে, চলবে। লক্ষ্যে পৌছানো না পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলার মানুষ জেগেছে, নির্যাতনের মাধ্যমে আন্দোলন বন্ধ করা যাবে না। আর যদি একটি মানুষ মরে এর দায় সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি করেন তিনি।