রাজধানীর পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় এক হকারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জহুর আলী মাতবর (৫৫)। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন। মোকসেদপুর জেলায় তার গ্রামের বাড়ি।

শুক্রবার সকালে জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সামনে এদুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা সকালে কাজে বের হন। জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সেখানকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এগারটার দিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে অজ্ঞান পার্টির কবলে পড়া রফিকুল ইসলাম (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীকে রাজধানীর সায়েদাবাদ থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেছেন সেখানকার স্থানীয় লোকজন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।

জানা গেছে, রফিকুল ইসলাম বি-বাড়ীয়ার নাসিরনগর এলাকার বাসিন্দা। সেখানে কাপড়ের ব্যবসা করেন তিনি। ব্যবসায়ীক কাজে কাপড় কিনতে নরসিংদি যাওয়ার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় সকালে সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। 

অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।

এমআর