ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার ও স্টাফ অফিসারের ১৭৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৪০ হাজার চাকরিপ্রত্যাশী।
শুক্রবার রাজধানীর ১৯টি কেন্দ্রে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
১৭৮টি পদের মধ্যে স্টেশন অফিসার পদে ১৪১ জন এবং স্টাফ অফিসার পদে ৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে সংস্থাটি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ জানান, লিখিত পরীক্ষায় কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারেন এজন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি জানান, তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল টিম লিখিত পরীক্ষাকালীন বিভিন্ন কেন্দ্রে কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিসের নিজস্ব টিমও কেন্দ্রগুলোয় তৎপর থাকবে।
জানা গেছে, স্টেশন অফিসারের ১৪১টি পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। তবে স্টাফ অফিসারের ৩৭টি পদে পুরুষের পাশাপাশি নারী প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হবে।
স্টেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতার অধিকারীদের। কিন্তু ৪০ হাজার আবেদনপত্রের মধ্যে কয়েক হাজার প্রার্থী আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস।
দুই বছর আগে বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে বলা হয়েছিল, কাজের বাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সংগতিপূর্ণ না হওয়ায় বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা শিক্ষার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার। দক্ষিণ এশিয়ায় এর চেয়ে বেশি উচ্চশিক্ষিত বেকার আছেন কেবল আফগানিস্তানে, ৬৫ শতাংশ। এর বাইরে ভারতে এর হার ৩৩ শতাংশ, নেপালে ২০ শতাংশের বেশি, পাকিস্তানে ২৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭.৮ শতাংশ।
এম আর





