দিনাজপুর শহরের রামনগরে ফুটবল খেলার মাঠ সংলগ্ন একটি ঝোপ জঙ্গল থেকে মোকলেসুর রহমান (৩০) নামের এক মুদি ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮ টায় এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত মোকলেসুর রহমান ধলা দিনাজপুর শহরের রামনগর এলাকার দুলু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোকলেসুর ধলা গতকাল রাত্রি ৮টার সময় দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার দোকান রামনগর বাজারে। রাত ১২টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসলে তাকে খোঁজ করা হলেও পাওয়া যায়নি।
এভাবে রাত্রি পার হয়ে সকাল হয়। বাড়ির কিছুদুরে হৈ চৈ শুনে বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে মোকলেসুর ওরফে ধলার লাশ দেখতে পায়। লাশটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীরের দাহ্য পদার্থ দিয়ে পোড়ানো ছিল।
তার বড় ভাই মোকসেদ আলী জানান, তার দোকানে কতগুলো বখাটে যুবক আসত। তারা মাঝে মধ্যেই চাঁদা চাইত। মাঝে মাঝে জিনিসপত্র কিনে পয়সা দিত না এবং বাকি চাইত।
অন্যদিকে, তাদের বাড়ির জমি নিয়ে নিকটতম আত্মীয়ের সাথে বিবাদ ছিল। কিছুদিন পূর্বে বাড়ির প্রাচীর তৈরী করার সময় আত্মীয়ের সাথে বিবাদ বাঁধে। সন্দেহ করা হচ্ছে তাদেরই কেউ তাকে নির্মমভাবে হত্যা করেছে।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ





