লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সমশেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সমশেরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (২৫), আফজাল হোসেনের ছেলে রতন (২৪) ও পানবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে সফিকুল ইসলাম (২৭)।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকালে পাটগ্রামের একটি গ্রাম থেকে তামাক কিনে ভ্যানে করে ললিতারহাট এলাকায় নিজের গোডাউনে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী জাহেদুল ইসলাম।
পাটগ্রাম-ললিতারহাট আঞ্চলিক সড়কের সমশেরপুর এলাকায় আসার পর বিজিবির একটি টহল দল ওই তামাক ভারতে পাচার করা হচ্ছে সন্দেহে ভ্যানটি আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
খবর পেয়ে পাটগ্রাম পৌর বিজিবির কোম্পানি কমান্ডার মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ সময় গ্রামের লোকজন জানান যে তামাকগুলো ভারতে পাচারের জন্য নয়, নিজের গোডাউনে নেওয়া হচ্ছিল। তারা তামাক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে বিজিবির ওই কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি হয়।
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এ সময় হঠাৎ বিজিবির এক সদস্য ওই এলাকার ইউপি সদস্য আবদুল খালেককে মারধর করলে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বেধে যায়।
স্থানীয়রা জানান, আত্মরক্ষার অজুহাতে বিজিবি সদস্যরা নিরস্ত্র লোকজনের ওপর গুলি চালায়। এতে তিনজন গুলিবদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, ঘটনার সময় বিজিবি আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন।
এমকে





