হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকায় হালদা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র মোহাম্মদ নোমানের (২৫) লাশ ২৪ ঘণ্টা পর ভেসে উঠেছে।
শনিবার দুপুর ১২টার দিকে ডুবে যাওয়ার স্থানেই তার লাশটি ভেসে উঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রণব বড়ুয়া লাশ ভেসে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাড়ে ১১টার দিকে চবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নোমান হালদা নদীতে ডুবে যান। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
শুক্রবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল হালদা নদীতে কয়েক দফা তল্লাশি চালিয়েও তাকে উদ্ধারে ব্যর্থ হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে নোমান তার পাঁচ ছয়জন বন্ধুসহ হালদা নদীতে গোসল করতে নামে।এক পর্যায়ে তারা হালদা নদী পার হতে চেষ্টা করেন। নদীর তিনভাগের দুই অংশ পার হওয়ার পর পরেই নোমান ডুবে যেতে থাকেন। এসময় তার দুই বন্ধু তাকে ধরে রাখার চেষ্টা করলেও পারেনি। এরপর পরেই ডুবে যায় নোমান। ’
তারেক জানান, নোমানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। তার এক সহপাঠীর বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে ১৫-২০জন বন্ধুসহ নোমান ওই সহপাঠীর বাড়িতে এসেছিল বৃহস্পতিবার। তবে রাতে নোমান তার বাড়িতে চলে গেলেও আজ বিয়ে উপলক্ষে সকালে সহপাঠীর বাড়িতে আবারও আসেন। এরপর বন্ধুদের নিয়ে হালদা নদীতে গোসল করতে নামেন নোমান।
এইচ ই





