হলি আর্টিজানে জঙ্গি হামলার রায় সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য অশনি সংকেত। আর দেশের মানুষের ভবিষ্যত নিরাপদ ও স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে এ রায় ভূমিকা রাখবে।’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘এ রায়ে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়াবে। সেই সঙ্গে এই রায় জঙ্গিবাদী শক্তি ও পৃষ্ঠপোষকদের জন্য অশনি সংকেত। আর দেশের মানুষের ভবিষ্যত নিরাপদ ও স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে এ রায় ভূমিকা রাখবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে যশোর ঈদগাহ ময়দানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের স্থান আওয়ামী লীগে হবে না। সেই সঙ্গে দলের ভিতরে থাকা অপকর্মকারীদেরও ক্ষমা করা হবে না। সম্মেলনের মাধ্যমে কর্মীদের পরিচয় নিশ্চিত করতে হবে।’

অন্য দল ছেড়ে চলে আসা নেতাদের মৌসুমি পাখি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘দলে মৌসুমি পাখিদের গুরুত্ব দিলে চলবে না। বিপদের সময় তাদের পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সদস্য এস এম কামাল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ যশোরের ছয়টি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতারা।

সম্মেলন শেষে বিকেল ৩টায় ওবায়দুল কাদের ৭১ সদস্যবিশিষ্ট যশোর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে আবারও শহিদুল ইসলাম মিলনকে সভাপতি এবং শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

এএস