বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব-পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও রাজশাহী নগরীতে আসা গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এতে একটি ট্রাকের সামনের কাঁচ ভেঙে যায়।

বুধবার বিকেল ৪টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

অবরোধকারীরা ট্রাকগুলো লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান চালক ও হেলপার।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ, র‌্যাব ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অর্ধশত গাড়ি ঢাকার উদেশ্যে যাচ্ছিল। বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এ সময় তারা একটি পেট্রোল বোমা ও একটি হাতবোমা নিক্ষেপ করে।
হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমায় আগুন ধরেনি। তবে বোমার আঘাতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে যায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে গাড়িগুলো পার করে দেয়া হয় বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জেআই