বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।

সোমবার বিকালে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শেখ ও বিশ্বাস গ্রুপের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শেখ গ্রুপের সদস্যদের চিতলমারী ও বিশ্বাস গ্রুপের সদস্যদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শেখ গ্রুপের জেসমিন (৩০) নামের এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের মাহমুদ শেখ গ্রুপ ও ফরিদ উদ্দিন বিশ্বাস গ্রুপের মধ্যে সোমবার বিকাল ৪টার দিকে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শেখ গ্রুপের জেসমিন (৩০), কালু শেখ (২১), দুলালি বেগম (৩৫), আমীর শেখ (৩০), হাসু শেখ (৩৫), মোজাহিদুল ইসলাম (৩৫), জিয়া শেখ (৩০), তজু শেখ (৩৫) ও জাহিদ শেখকে (১৭) চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গৃহবধূ জেসমিনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বিশ্বাস গ্রুপের হোসেন বিশ্বাস (১৮), আসাদ উদ্দিন বিশ্বাস (৪০), পান্না বিশ্বাস (৪৪), ঠান্ডা বিশ্বাস (৬০), দাউদ বিশ্বাস (৩৫), হোসনেয়ারা বেগম (৩৫), ফারুক বিশ্বাস (২৩) ও মাহাবুব বিশ্বাসকে (১৮) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

কেএইচ