লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব আমীর হামজা (৫৫) ও পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালেকুজ্জামান ওপেলসহ (৪৮) ৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিগত হরতালে লালমনিরহাটের পাটগ্রামে ছাত্রদল নেতা নাসির হত্যা মামলায় ১১ জন ও ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই উপজেলার বুড়িমারীতে সহিংসতার ঘটনায় বিএনপির ৩৪ জন নেতাকর্মীর নামে পাটগ্রাম থানায় মামলা হয়।

আসামিরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর সিপনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে ৪৫ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা দু’টির আসামি পক্ষের আইনজিবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ফাত্তাহ।

পাটগ্রাম-হাতিবান্ধা উপজেলা বিএনপির সম্বয়ক ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, হরতালের সময় ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা কিভাবে আসামি হয়? আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতের আশ্রয় নিব।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ