প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে। যাচাই-বাছাই করেই মন্তব্য করা উচিত। যেকোনো বিষয়ে সঠিক তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া জানাবেন না।
আজ (০৮ জানুয়ারি) বুধবার সকালে রাজধানীর বিআইসিসিতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দেশের মানুষকে বলব, একটা কিছু এলো, অমনি সেটা শুনে সেখানেই রিঅ্যাক্ট করা বা সেটা শুনেই কোনো কিছু করা, সেটা ঠিক না। সঠিক তথ্যটা যাচাই করে নেওয়া দরকার।
এই বিষয়টাতে বিশেষভাবে নজর দিতে হবে যে কোনো পোস্ট বা কোনো কিছু শেয়ার করা বা ইন্টারনেটে কোনো কিছু দেখলেই সেটা যাচাই না করে শুধু গুজবে কান দিয়ে বা শুধু নিজের কৌতূহলবশত সেগুলোতে না প্রবেশ করাটাই ভালো। সেটা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য এবং প্রত্যেকের ব্যক্তিজীবনের জন্য মঙ্গল বয়ে আনবে। কাজেই সে বিষয়ে সবাইকে আমি অনুরোধ করব, যাতে আপনারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন।”
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। গত ১১ বছরে সেই স্বপ্ন পূরণ করে দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছে সরকার।
দেশের সব ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
শিশুদের ইন্টারনেট আসক্তি থেকে রক্ষা করে সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান তিনি।
এমবি





