বেতন বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের শ্রমিকদের অসুস্থতার সংখ্যা চতুর্থ দিনে আরও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজও ২৪ জন অসুস্থ হয়েছেন। এনিয়ে অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ জনে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে ডলি (২৪) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রগতিশীল চিকিৎসক ফোরামের ডা. মজিবুল হক আরজু বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গতকাল অসুস্থ ছিলেন ১৪ জন। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর বাড্ডা এলাকায় হোসেন মার্কেট নামে পরিচিত তোবা গ্রুপের এই ভবনে ঈদের আগের রাত থেকে চারদিন ধরে অনশন চালিয়ে আসছেন তিন শতাধিক পোশাক শ্রমিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন বা গার্মেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এখনো কোনো সমাধান দিতে পারেনি।
ডা. আরজু জানান, আজ সকাল থেকে আরও ২৪ জন শ্রমিককে স্যালাইন দেওয়া হয়েছে। এর মধ্যে ডলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ধীরে ধীরে বেশির ভাগ শ্রমিকের স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। এরমধ্যে শোভা, কহিনূর, জোহরা, নাসিমা, স্বপ্না, রহিমা, সুমন, কুসুম, মোমেনা, শাহিদা, শিরিন, শিল্পী, সন্ধ্যা, নাসিমা, শিউলি, নাজমা, লিমা এবং আসমার অবস্থা গুরুতর।
এদিকে ভবনের নবম তলায় ‘প্যাকেজিং রুমে’ জিম্মি অবস্থায় রয়েছেন কারখানা মালিকের শ্বাশুড়ি লাইলী বেগম। শ্রমিকরা পালাক্রমে তার দিকে খেয়াল রাখছেন। ১২ তলা কারখানা ভবনের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে পুলিশের একটি গাড়ি। নিচতলায় মার্কেটের সামনে একদল পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।
দেড় বছর আগে এই গ্রুপের কারখানা তাজরীন ফ্যাশন আগুনে পুড়ে শতাধিক শ্রমিক নিহত হন। অব্যস্থাপনার মাধ্যমে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে কারখানা মালিক দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে।
শ্রমিকদের দাবি মে, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে কয়েকদিন আগে থেকেই বিক্ষোভ করে আসছিলেন তোবা গ্রুপের পাঁচটি কারখানার ১ হাজার ৬০০শ’র বেশি শ্রমিক। বিজিএমইএ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সমাধান দিতে ব্যর্থ হলে শ্রমিকদের সেই আন্দোলন অনশনে গড়ায়।
অনশন স্থল থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেত্রী মোরশেফা মিশু বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





