গাজীপুরের কাপাসিয়ায় সাড়ে ১২ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ মো. সানাউল্যাহ (২৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। উপজেলার তরগাঁও এলাকা থেকে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. সানাউল্যাহ কিশোরগঞ্জ সদরের বিন্নাহাটি আউলিয়াপাড়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার মো. নূরে খোদা সিদ্দিক জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তরগাঁও এলাকার পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রহিমা আক্তারের চায়ের দোকানে চা পান করে সানাউল্যাহ এক শ’টাকার একটি জাল নোট দেন। দোকানির সন্দেহ হলে নোটটি আশপাশের লোকজনকে দেখান। পরে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার দেহ তল্লাশি করে আরও ১০৪টি এক শ’টাকা এবং ৪০টি পঞ্চাশ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার ও তাকে আটক করে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





