দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিজিবির দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ৯টায়উপজেলার ধর্মপুর ইউনিয়নের ডুংডুংগী সীমান্তের ৩২০নং সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলা গোবিন্দপুর এলাকার লোকমান আলীর ছেলে জাকির হোসেন (১৮) ও আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ সানী (২১)। তবে আহত বিজিবি সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষে বড় বড় সাউন্ড বক্স স্থাপন করে গ্রামের লোকজন শুক্রবার রাত থেকে গানের আয়োজন করে। শনিবার সকালে ডুংডুংগী ক্যাম্পের বিজিবি সদস্যরা গান বন্ধ করতে গেলে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংষর্ষ বাঁধে। এতে বিজিবির প্রহারে জাকির হোসেন ও মোহাম্মদ সানী আহত হয়।
এ বিষয়ে বিজিবি-২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় এ ধরনের আয়োজনে বিধি-নিষেধ রয়েছে। আয়োজন বন্ধ করতে বললে কিছু যুবক সংঘর্ষের সৃষ্টি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তবে তিনি তাদের নাম পরিচয় জানাতে পারেননি।
কেএইচ





