রাঙ্গামাটি জেলার সাজেক থানার আওয়াধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) বাঘাইহাট জোনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসি এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।
দেশের তিন পার্বত্য জেলার পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর কাছে হালকা-ভারী সব অস্ত্রই আছে। এদের হাতে পাহাড়ি-বাঙালি সব সাধারণ নাগরিকই জিম্মি।
বিভিন্ন সময় পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা–যা সন্ত্রাসীদের কাছে থাকা অস্ত্রের অতি সামান্য একটি অংশ।
জানা গেছে, বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় তল্লাশি চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে উপজাতীয় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নে ২২ নভেম্বর থেকে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালিত করছে।
আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ওই এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
এএস





