রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের ড্রেন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের উত্তর-পূর্বে অবস্থিত ডাইনিংয়ের পাশে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।
ওই ছাত্রের নাম মোতালেব হোসেন লিপু। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী।
লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার মুকিমপুর গ্রামের বদরউদ্দিনের ছেলে।
বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, ডাইনিংয়ের এক আয়া কাজ করতে গিয়ে লিপুর লাশ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে বিভাগের সহকারী শিক্ষক মো. শাতিল সিরাজ বলেন, ‘হলের ডাইনিয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়েছে। তার কক্ষ থেকে বেশ খানিকটা দূরেই ডাইনিং।সেখানে কীভাবে লিপুর লাশ গেল, ভাববার বিষয়। তা ছাড়া লাশের গায়ে কাদা লাগানো, মাথার কাছে আঘাতের চিহ্নও রয়েছে। শরীরে পর্যাপ্ত কাপড়-চোপড়ও ছিল না।
এসব কারণে লিপুর মৃত্যু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এ বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। পুলিশ হয়তো সেটা করবে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
ডাইনিংয়ের একটি সূত্র জানায়, রাত তিনটার দিকে তারা একটি শব্দ শুনেছেন।
এমবি





