চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে সোমবার নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৫/এ ব্যাচের ০৪ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার এবং ২০১৩/বি ব্যাচের ৫৬ জন মিডশীপম্যানসহ সর্বমোট ৬০ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে ০৫ জন প্যালেষ্টাইন মিডশীপম্যান রয়েছেন।

ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৫/এ ব্যাচ হতে ইন্সট্রাক্টর এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ফারুকুল ইসলাম শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘শহীদ মোয়াজ্জম পদক’ লাভ করেন।

মিডশীপম্যান ২০১৩/বি ব্যাচের মোঃ আল-আমিন খান সেরা চৌকস মিডশীপম্যান হওয়ার গৌরব অর্জন করে ‘সোর্ড অব অনার' লাভ করেন।

এছাড়া মিডশীপম্যান সানজিদা আফরোজ সাদিয়া প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্বর্ণপদক’ এবং মিডশীপম্যান মোঃ মিজানুল হক ইমরান ৩য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে তরুণ প্রজন্মের কর্মকর্তাদের দেশ রক্ষার মহান কর্তব্যে আত্মনিয়োগ করে দেশ সেবার কাজে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি।

জেডআই