জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট দেখতে যাচ্ছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার সকাল ৯টায় ওই আশ্রয়কেন্দ্র দেখতে রওনা হয়েছেন তিনি।
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, ট্রানজিট পয়েন্ট পরিদর্শনের জন্য প্রিয়াঙ্কা চোপড়া সকালে রওনা দিয়েছেন। তিনি দুপুর সাড়ে ১২টায় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
গত ১৯ মে প্রিয়াঙ্কা প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল সকালে ঢাকায় আসেন তিনি। ঢাকায় তিন ঘণ্টা অবস্থানের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রিয়াঙ্কা।





