ময়মনসিংহে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-মা সন্তানসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আজ (১৬ আগস্ট) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নরসিংদীর মাধবদি বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার শাহানা (৩৫), কলেজ পড়ুয়া ছেলে নাবিল ইসলাম (১৮) ও মেয়ে রওনক জাহান (১৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সুসং দূর্গাপুরে। নরসিংদী জেলার মাধবদিতে বসবাস করতেন তারা। স্বপরিবারে ঈদের ছুটিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন রফিকুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন ঈদের ছুটি শেষে নিজের প্রাইভেটকারে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুড়বাড়ি এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পৌঁছালে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুত গতির একটি বাস ওভারটেক করার সময় তাদের চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম, মেয়ে রওনক জাহান ও দুই ছেলে নাবিল ইসলাম ও নাহিদ এবং প্রাইভেটকারচালক সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, নাবিল ইসলাম ও রওনক জাহানকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ওসি কমারুল ইসলাম মিয়া জানান, উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়।  

এমবি