পার্বত্য বাঙালিদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করা হলে লাগাতার হরতালের হুশিয়ারি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন।
একই সঙ্গে জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম থেকে বেআইনি অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের জন্য প্রস্তাব পেশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে এমন হুাশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ৫০৯৩ বর্গমাইল ভূমি রক্ষার জন্য ৩৫ হাজার পার্বত্য বাঙালীরা তাদের জীবন দিয়েছেন। এখানে বসবাসকারীদের কবুলিয়ত প্রাপ্ত দলিল, বন্দোবস্তি প্রাপ্ত দলিল থাকার পরও উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বাঙালীরা ঘরের মালিক হয়েও ভূমির মালিক হতে পারছে না।
বক্তারা আরো বলেন, পাহাড়ে প্রথাগত ভূমি অধিকার ও ব্রিটিশ হিলি ট্রাক্স ম্যানুয়েল এ্যাক্ট ১৯০০ বাতিল না করাতে অনেক উপজাতি ও বাঙালি মানবাধিকার বঞ্চিত হচ্ছেন।
দেওয়ান, খিষা, তালুকদার, হেডম্যান, করবারী ও চাকমা রাজার একাধিপত্য থাকতে পাহাড়ে নূন্যতম গণতন্ত্র চর্চা হয় না। অস্ত্রের ভয় দেখিয়ে পাহাড়ে জেএসএস ও ইউপিডিএফ নাগরিক জীবনকে দুর্বিসহ করে তুলছে। পার্বত্যবাসী এর স্থায়ী সমাধান চায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর কামাল মো. ইউনুস কমিশনার, শায়লা জেসমিন হেলেন প্রমুখ।
এমই





