চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিরাজ গুরু নামক তার স্বদেশী এক সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাজ চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসি’র ২৪তম ব্যাচের শিক্ষার্থী। ওই ব্যাচেরই শিক্ষার্থী আতিফ শেখ গত সপ্তাহে খুন হন। 

পুলিশ কর্মকর্তা জাকির জানান, “বিকেলে নিরাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনার আবেদন করা হবে।” 

গত ১৪ জুলাই রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলার বাসায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় আতিফকে। ওই বাসা থেকে আতিফের সহপাঠী আরেক ভারতীয় উইলসন সিংকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

আতিফ ও উইলসনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নিরাজ। ওই বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিরাজ। নিহত আতিফ শেখের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আকবার শাহ থানায় একটি মামলা করেন। 

মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা না হলেও আতিফের সহপাঠী উইলসন, নিরাজসহ ছয় ভারতীয় এবং দুই বাংলাদেশি শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয় বলে ওসি মুহাম্মদ আলমগীর জানিয়েছিলেন।

এমএনজে